ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুল আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। এ মামলার অপর দুই আসামি মুহিবুর রহমানকে সাত বছরের এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে হত্যা করা হয়। বিরোধের একপর্যায়ে তাঁর সৎ ভাই ও স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিহত শাবানা বেগমের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




