সংগৃহীত
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, কসমেটিকস ও ট্রাকের রিম।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




