ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাজিদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
নিহত সাজিদ উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া এলাকার কালু প্রামাণিকের ছেলে ও জয়নগর পিজিসিবি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে সাজিদ জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এতে কোনো ফল না পেয়ে চারদিন পর ঈশ্বরদীর এক ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টায় সাজিদ মারা যায়।
নিহতের চাচাতো ভাই খায়রুল বাশার মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত সপ্তাহে সাজিদ স্কুল থেকে ফিরে অসুস্থ বোধ করে। পরে পরিবারের লোকজন গ্রামের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান। পরে শারীরিক অবস্থা ঠিক না হলে ঈশ্বরদীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু পজেটিভ হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে ভর্তিকরা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
জৈন্তাবার্তা / রহমান




