ফাইল ছবি
ছাতকে দুবছর পূর্বের একটি হত্যা মামলার আপোষ করতে গিয়ে মামার হাতে ভাগনে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে।
নিহত সাদির আহমদ (৩০) ওই এলাকার মনর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে একটি শালিশ বৈঠক হয়। অভিযুক্ত মনছব আলী ও নিহত সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার আসামি ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। তবে এর মধ্যে ৪০ হাজার টাকা মনছব আলী দুই বছর পরে বলে দিবে জানান। এতে তার ভাগনে সাদির উত্তেজিত হয়ে ওঠেন। এ নিয়ে বৈঠকে দু'পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যান। এসময় মনছব আলীসহ তার সাথের কয়েকজন সাদিরকে কিলঘুষি ও লাথি দিয়ে গুরুতর আহত করে।
এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেপ্তার করতে পারবো।
তিনি জানান, ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা রয়েছে।
ডি ডি




