ফাইল ছবি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা জেলের মরদেহ উদ্ধার করেন।
নিহত জেলের নাম নুরুল ইসলাম খান (৪৭)। তিনি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান নুরুল ইসলামসহ গ্রামের আরও চার জেলে। মাছ শিকারের এক পর্যায়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া নামের ৪জনকে উদ্ধার করতে পারলেও নুরুল ইসলাম খানকে পাওয়া যায়নি।
রাতভর খোঁজাখোজির পর সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে নুরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে।
ঝড়ের কবলে নৌকা ডুবে যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন। তিনি বলেন, রাতে হাওরে একসাথে নৌকা করে ৫ জেলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে একজন মারা গেছে, বাকি চারজনকে উদ্ধার করা হয়েছে। তার সুস্থ আছেন।
তিনি বলেন, নৌকা ডুবে মারা যাওয়ার জন্যে পরিবারের লোকজন চাচ্ছেন না মরদেহ মর্গে নিয়ে ময়নাতদন্ত করতে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের উদ্যোগ নেয়া হয়েছে।
ডি ডি




