জৈন্তাপুর থেকে উদ্ধার করা ভারতীয় চিনি
সিলেটের জৈন্তাপুর থেকে চোরাইপথে আসা ৩৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল গ্রামের কাওসার আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব চিনি উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারে জড়িত কাওসার আহমেদ পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
কাওসার আহমেদ (২১) এই ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ভারত থেকে চোরাইপথে আনা চিনিগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রেখেছিলো বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তাজুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় কাওসার আহমেদকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তিনি আরো জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।
ডি ডি




