ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রোহেনা আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর তেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ বিষয়ে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রোহেনা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রীস প্রবাসী মোজাফফর আলীর বাড়ি উপজেলার ভীমখালী ইউনিয়নের মৌলীনগর গ্রামে। দীর্ঘদিন যাবত গ্রীসে থাকেন তিনি। তার স্ত্রী রোহেনা আক্তার নিজস্ব বাসা করে সন্তানাদি নিয়ে উপজেলা সদরের আবাসিক এলাকা তেলিয়ায় বসবাস করছেন। রোহেনা আক্তারের বাসার সাথে থাকা প্রতিবেশী মৃত দিলোয়ার মিয়ার মেয়ে রাবেয়া সিদ্দিকা রাবু (৪০) ও তার বোন মরিয়ম ছিদ্দিকা মনির সাথে (৩৮) দীর্ঘদিন যাবত চলাচলের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। স্বামী বাড়িতে না থাকায় প্রায় সময় প্রবাসীর স্ত্রী রোহেনা আক্তার ও তার পরিবারের সদস্যদেরকে রাবেয়া সিদ্দিকা রাবু ও তার ছোট মনি খারাপ ভাষায় গালাগালি করেন। বিভিন্ন সময় মারপিট করার চেষ্টা করে। তাছাড়া রোহেনা আক্তারের বসত ঘরের সামনে নিজস্ব চলাচলের রাস্তা দিয়েই বিবাদীরা সবসময় চলাচল করে। তাতেও রোহেনা আক্তার কোনো সময়ই বাঁধা নিষেধ করেনি।
সম্প্রতি রোহেনা আক্তার তার বাসার সামনের জায়গায় বাঁশের বেড়া দেওয়ার পর থেকেই রাবেয়া ছিদ্দিকা রাবু ও তার বোন মনি বিভিন্ন ভাবে রোহেনা আক্তার ও তার পরিবারের সদস্যদের গালাগালি করে আসছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ও বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে রোহেনা আক্তারের পরিবারকে নিয়ে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে রোহেনা আক্তার গালাগালির কারণ জিজ্ঞেস করলেই বসত ঘর থেকে বিবাদীরা ধারালো দা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। পরে প্রাণ রক্ষায় রোহেনা আক্তার দরজা জানালা আটকিয়ে ঘরে ঢুকে পড়লে বাড়ির গ্রীল, দরজা ও জানালা ভাংচুর করে। পরে রোহেনা আক্তারের পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে বিভিন্ন লোকের সামনে বিবাদীরা সময় সুযোগ পেলে রোহেনা আক্তারের পরিবারের সদস্যদের মারধর করবে বলে হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ. ম কামাল হোসেইন বলেন, উপরোক্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




