ছবি:সংগৃহীত
সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানবপাচার প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের পাশাপাশি নাইট ভিশন ডিভাইস এবং থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনা এবং সরাইল রিজিয়ন ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চলতি বছরের সিলেট সেক্টরের উল্লেখযোগ্য অর্জনের তথ্য তুলে ধরে জানানো হয়, অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ছাড়া চলতি বছরে সিলেট সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলো ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে স্থানীয় জনগণ সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানসহ সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে নয়, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




