ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফারিয়া আক্তার (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে, এ দুর্ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রীর কেউই বেঁচে রইলেন না। কেবল গাড়ি চালক পারভেজ বেঁচে আছেন; তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারিয়ার মৃত্যু হয়। সে চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের শফিক মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০)।
এ দুর্ঘটনায় চালকসহ আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার রাতে মারা যান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মঈনুল ইসলাম (২২)। তিনি সিকৃবি’র কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের ছাত্র এবং চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার বাসিন্দা।
সবশেষ, ছয় দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকার আশায় দিন গুণছিলেন ফারিয়া। অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে তিনিও চলে গেলেন পরপারে। সিএনজি-অটোরিকশা চালক পারভেজ এখনও বেঁচে আছেন। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
SH




