সুনামগঞ্জে খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দা বি তে স্মারকলিপি প্রদান
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ PM

সুনামগঞ্জে খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দা বি তে স্মারকলিপি প্রদান

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৯:৪৭:৩০ AM

সুনামগঞ্জে খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দা বি তে স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর ষোলঘরবাসী। 

আজ সোমবার ( ২৩ ডিসেম্বর ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি তুলে দেন। এর আগে রোববার একই দাবিতে ষোলঘর খেলার মাঠে মানববন্ধন করেছেন তারা।

সোমবার দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ শহরে অবস্থানরত বাসিন্দাদের শিশু কিশোরদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে অবস্থিত সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীন ষোলঘর খেলার মাঠটিতে বৃহত্তর ষোলঘরবাসীসহ পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার শিশু কিশোরেরা খেলাধুলা ও শরীরচর্চা করেন। এ ছাড়া ষোলঘর এলাকায় অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি কিন্ডারগার্ডেন ও একটি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার অন্যতম স্থান এই ষোলঘর মাঠ।

স্মারকলিপিতে আরও বলা হয়, বিগত সময়ে ষোলঘর মাঠে বাণিজ্য মেলা আয়োজন করে সরকার দলীয় একটি পক্ষ অর্থনৈতিকভাবে সুবিধা নিয়েছে। এখানে মেলা আয়োজনের নামে মাইক দিয়ে উচ্চ শব্দে গান বাজনা, সার্কাস, বাইক রাইডিং প্রদর্শনের মাধ্যমে পরিবেশ বিনষ্ট করা হয়। এতে এলাকায় অবস্থানরত ছেলেমেয়েদের পড়ালেখা ও খেলাধুলার ব্যঘাত ঘটে। একটি আবাসিক এলাকায় মেলা আয়োজন বিধি সম্মত না হলেও এমন অনৈতিক কাজ করে আসছিলেন একটি প্রভাবশালী চক্র।

স্মারকলিপিতে জানানো হয়, বিগত কয়েকদিন ধরে নতুন করে খেলার মাঠে মেলা আয়োজনের প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে। জানুয়ারি মাস থেকে মেলা শুরু হবে বলে প্রচার করা হচ্ছে। এতে এলাকাবাসী বিস্মিত, ক্ষুব্ধ।

স্মারকলিপিতে মেলা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে লিখিত নিদের্শনা জারি, মাঠ উন্নয়নের মাধ্যমে খেলাধুলার অনুকুল পরিবেশ সৃষ্টি করা, জনসাধারণের জন্য খেলার মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা এবং বাণিজ্য মেলার স্থান পরিবর্তন করে মাসব্যাপী মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মজাদ, কামাল হোসেন ও জিয়াউর রহমান পীর, শিক্ষক মো. লুৎফুর রহমান, স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন পীর, আবদুল ওয়াদুদ, মনোয়ার চৌধুরী, ফাহমিদ চৌধুরী ফামু, জাওয়াদুর রহমান সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার