শেষ পর্যন্ত মাশরাফিকে পাবে সিলেট?
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ AM

শেষ পর্যন্ত মাশরাফিকে পাবে সিলেট?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০২:০৮:১২ AM

শেষ পর্যন্ত মাশরাফিকে পাবে সিলেট?

ফাইল ছবি


বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শুরু হতে বাকি মাত্র দুই দিন। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। দেশি খেলোয়াড়েরা তো বটেই, প্রথম ম্যাচ থেকে খেলবেন, এমন অধিকাংশ বিদেশিও এরই মধ্যে ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা।

সাবেক অধিনায়কের অনুশীলনে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। তবে সিলেট স্ট্রাইকার্স এখনই তাঁকে নিয়ে আশা ছাড়ছে না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন।

সোমবার শুরু হতে যাওয়া একাদশ বিপিএলে সিলেটের প্রথম ম্যাচ ৩১ ডিসেম্বর। শনিবার মিরপুরে দলটির অনুশীলনের পর কোচ ইমন সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে মাশরাফির অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

সিলেট কোচ মাশরাফির স্কোয়াডে থাকার কথা জানিয়ে বলেন, ‘স্কোয়াডে এখনো আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’

মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এরপর আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। একাদশ ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি। সংসদ সদস্য থাকা অবস্থায়ই জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ও বিপিএল চালিয়ে গেছেন।

আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মাশরাফিকে প্রকাশ্যে দেখা না গেলেও অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের সর্বশেষ দুই আসরে এই ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন তিনি। ড্রাফটের সময়ও মাশরাফিকে নিয়ে সিলেট আশাবাদী হলেও এখন পাওয়া যাচ্ছে ভিন্ন ইঙ্গিত। মাশরাফির খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে কোচ ইমনের বক্তব্য, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

পরিস্থিতি বলতে ফিটনেসই কি না, জিজ্ঞাসা করা হলে ইমনের উত্তর, ‘ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’

সিলেট কোচের কথায় স্পষ্ট, এই মুহূর্তে খেলার মতো ফিট নেই মাশরাফির। কিন্তু দলের অনুশীলনে না থাকায় কিছুদিনের মধ্যে যে প্রস্তুত হতে পারবেন, সে নিশ্চয়তাও নেই। সে ক্ষেত্রে মাশরাফিকে ছাড়াও পথচলার কথা ভাবতে হচ্ছে সিলেটকে, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি, তত দিন আমরা ওকে বিবেচনায় নেব না। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওরই সিদ্ধান্ত। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

ইমন জানিয়েছেন, এবারের আসরে সিলেটের প্রথম ম্যাচ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ