পরিযায়ী পাখির অভয়াশ্রম খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড় থেকে দুই অসাধু পাখি শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ৩টার দিকে টাঙ্গুয়ার হাওরের তেরাইল্লাকুনা নামক এলাকা থেকে আনসার সদস্য ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় এ দুজনকে আটক করা হয়। তারা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা আল-আমিন (২৪) ও কামরুল (২০)।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পাখি শিকারির কাছ থেকে একটি পাখি উদ্ধার করে অবমুক্ত করে দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দুই পাখি শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিযায়ী পাখি শিকার বন্ধে প্রশাসন স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি এসব শিকারিদের অপতৎপরতা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




