শান্তিগঞ্জে মুক্তিযোদ্ধার ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৬ AM

শান্তিগঞ্জে মুক্তিযোদ্ধার ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৩:৩৮:৫৯ AM

শান্তিগঞ্জে মুক্তিযোদ্ধার ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শান্তিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই মুক্তিযোদ্ধার ঘর


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধার নাম সুশীল ব্যানার্জি। তিনি উপজেলার মানিকপুর গ্রামের মৃত সুরেন্দ্র ব্যানার্জির পুত্র৷ গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি- আগুনে একটি বাংলো ঘর ও গোয়ালঘরসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে অন্তত ২  লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়  মুক্তিযোদ্ধার সুশীল ব্যানার্জির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আশপাশের মানুষের চিৎকার শুনে মুক্তিযোদ্ধা সুশীল ব্যানার্জি এসে দেখেন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে তার বাংলো ঘর ও  গোয়ালঘরসহ মূল্যবান আসবাবপত্র। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছেন বলে দাবি করেন তিনি।   এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য থানার অভিযোগ দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা সুশীল ব্যানার্জি।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জানান, পূর্ব বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। এর আগেও ৩-৪ বার খড়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করলেও তাদের শনাক্ত করা যায়নি। এভাবে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আমরা এখন পথে বসার উপক্রম। প্রশাসনের কাছে অনুরোধ ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

SH