ফাইল ছবি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সারা দেশে প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনও সম্পূর্ণভাবে বিতরণ সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীর কাছে শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বই বিতরণে বিলম্বের কারণ সম্পর্কে উপদেষ্টা বলেন, বইগুলোর মান উন্নয়নের জন্য পরিমার্জনের কাজ করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। তবে ইতোমধ্যে নতুন পাঠ্যবই লেখার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।
হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, হাওরের দুর্গম এলাকায় শিক্ষক থাকা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন করা হয় যেখানে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি এলাকার শিক্ষাপ্রেমী মানুষদের জন্য এক বিশেষ মিলনমেলায় পরিণত হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




