ফাইল ছবি
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গউছ বলেছেন, আমাদের যুবসমাজকে সুস্থ, সতেজ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই। আজকে এই ফুটবল টুর্ণামেন্ট যে মহান ব্যক্তির নামে করা হয়েছে তিনি কেবল দেশের অর্থনীতির চাকা সচলে সক্রিয় ছিলেন এমনটি নয়। অর্থনীতির সাথে দেশে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন অর্থনীতি আর যুবসমাজ দেশে এগিয়ে যাওয়ার মূল চাবিকাটি।
তিনি টুর্ণমেন্টের সফলতা ও প্রত্যাশা রেখে বলেন, আগামীতে এ টুর্ণামেন্ট আরও বড় পরিসরে আয়োজন হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উদ্বোধন করবেন। ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে এই আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আহবায়ন করেন।
বুধবার ২২ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। সায়েম রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন টুর্ণামেন্টের উদ্যোক্তা এম সাইফুর রহমানের নাতি তরুণ ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী এম সাফির রহমান, নাতনী আমিরা রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিফতাউল ওয়াহেদ মুফতি ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জু হক।
উদ্বোধনী দিনে শহীদ আবু সাঈদ গ্রুপে রাজনগর যাদুরগুল ফুটবল একাডেমী বনাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজগর যাদুরগুল ফুটবল একাডেমী ১-০ গোলে বিজয়ী হয়। খেলায় বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে।
চব্বিশের জুলাই-আগষ্টে বীর শহীদদের নামে পৃথক আটটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার বাহারমর্দান মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ৫ ফেব্রুয়ারি ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা। ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




