জগন্নাথপুরে অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে আলোচনা সভা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

জগন্নাথপুরে অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৫:৫১:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরে অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে আলোচনা সভা

সংগৃহিত


সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সভা পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। বিভ্রান্তিকর ও বিকৃত তথ্যের কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করতে হবে, যাতে তারা কোনোভাবেই ভুল তথ্যের কারণে বিভ্রান্ত না হয়।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা তৈরির জন্য কাজ করছে। কৃষক কার্ড, ব্যাপক বৃক্ষরোপণ ও খাল খননসহ সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে জেলা প্রশাসক বলেন, এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই করারও পরামর্শ দেন তিনি।

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকে জড়িয়ে পড়া ব্যক্তিদের ঘৃণা না করে ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, জন্মনিবন্ধন না থাকলে ভবিষ্যতে শিশুর বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা পেতে সমস্যা হতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান ও আবু হোরায়রা ছাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার, মানব পাচার, বাল্যবিবাহ এবং মাদকাসক্তি প্রতিরোধ ও সহায়তাবিষয়ক মূল তথ্য উপস্থাপন করেন জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাউসার আহমদ, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক অনিক পাল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল মোছাব্বির, চিলাউড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শামসুল ইসলাম জাবির এবং জগন্নাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জাহান শ্রাবন্তী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মির্জা সাইম হোসেন এবং গীতা পাঠ করেন ময়ূখ সাহা


জৈন্তা বর্তা / ওয়াদুদ