এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ, সোনার অপেক্ষা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ, সোনার অপেক্ষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৩:৩৬:১৯ অপরাহ্ন

এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ, সোনার অপেক্ষা

সংগৃহিত


ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে দুটি দলীয় ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড বিভাগে সোনার পদক জয়ের সুযোগ তৈরি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

পুরুষ রিকার্ভের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের দল। আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি মিলে দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি।

একই দিনে নারী কম্পাউন্ড দলও ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তারদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল ২৩৩-২১৯ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায়।

দুই বিভাগেই বাংলাদেশের ফাইনাল প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবে সাগর-আলিফদের দল। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে লড়বেন বন্যা-কুলসুমরা। দুই বিভাগেই স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে কাজাখস্তানের পুরুষ ও নারী দল।

দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের নারী আর্চারদের সামনে। আগামীকাল কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অংশ নেবেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও শ্রীপর্ণা বিশ্বাস।

দুটি ফাইনালে জয় পেলে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের জন্য আসতে পারে জোড়া সোনার পদক। এখন সেই প্রত্যাশা পূরণের অপেক্ষায় দেশের আর্চারি দল।

জৈন্তা বর্তা / ওয়াদুদ