ফাইল ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে মো:মোরশেদ (৩৬) নামে এক ব্যাক্তিকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালুভর্তি দু’টি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রিটিশ সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুটি ট্রলি জব্দ করা হয়। এসময় বালু পাচারের অভিযোগে গাইবান্ধা জেলার সদর উপজেলার আবু বকরের পুত্র মো:মোরশেদকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। অপর ট্রলি চালকসহ সহযোগীরা পালিয়ে যায়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় মো: মোরশেদ (৩৬), পিতা: আবু বকর, গাইবান্ধা সদর, গাইবান্ধা কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়া ২ টি হ্যান্ড ট্রাক্টর ও আনুমানিক ২২০ ঘনফুট বালু জব্দ করা হয় ও থানার হেফাজতে দেয়া হয়।অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




