ফাইল ছবি
জামালগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. রাসেল মিয়া (৩২)। তিনি নয়াহালট গ্রামের মো. সাহিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নিহত রাসেল তার গ্রামের বাড়ি নয়াহালট থেকে রাতের খাবার খেয়ে একই গ্রামে গরম শাহ্ বাৎসরিক ওরশ দেখার উদ্দেশ্য ঘর থেকে বেরিয়ে যান। পরে ভোর ৪ টায় ওই গ্রামের আকাশ ও হোসাইন নামের দু’জন ব্যক্তি রাসেলকে অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই দুই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে হাসপাতাল থেকে বেরিয়ে যান।
পরে দীর্ঘক্ষণ নিহত রাসেলের পরিবারের কোনো লোকজন না আসায় কর্তব্যরত চিকিৎসক জামালগঞ্জ থানাকে অবগত করেন। খবর পেয়ে জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুপ্রাংশু দে দিলু হাসপাতালে গিয়ে নিহত রাসেলের পরিচয় সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করে রাসেলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহত রাসেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




