প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা অদুদ আলমের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নূরুল হক। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম পতিত স্বৈরশাসক আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হওয়ায় স্থানীয় ভোটাররা ভোট দিতে না পেরে বিক্ষুব্ধ রয়েছেন। এছাড়া তিনি রাজধানী ঢাকার আদাবর থানার মামলা নং ১৬/১৮৭, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ৪১/৪০৩ ও সিলেট কোতোয়ালী থানার মামলা নং ৬/৪০৫ সহ একাধিক মামলার আসামি থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে ইউনিয়ন পরিষদের সেবাদানে মারাত্মক বেঘাত ঘটছে। প্রতিদিন সেবাগ্রহীতারা সেবা নিতে এসে চেয়ারম্যানকে উপস্থিত না পেয়ে ফেরত যেতে হচ্ছে। প্রতি কার্যদিবসে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ভাতার কার্ড ও নাগরিক সনদপত্রসহ নানা ফাইলপত্রে চেয়ারম্যানের সাক্ষরের অভাবে ব্যর্থ হয়ে ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের। ফলে পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। তাই ইউপি চেয়ারম্যান অদুদ আলমকে দ্রুত অপসারণ করে এখানে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ করে জণগনের দুর্ভোগ লাঘব করা সময়ের দাবি।
২নং ওয়ার্ডের ইউপি মেম্বার নূরুল হক জানান, চেয়ারম্যান উপস্থিত না থাকায় পরিষদ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি তিনি প্রভাবশালী হওয়ায় নাগরিকরা মুখ খুলে কথা বলতে পারছেন না। তার অপসারণ অত্যন্ত জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো।
এ ব্যাপারে কথা বলতে ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ছাতকে ইউপি চেয়ারম্যানের অপ*সারণ চেয়ে মেম্বারের আবেদন




