সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সাথে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ী) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এই বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই সংঘর্ষে নারীসহ দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




