ছবি: নিজস্ব
জগন্নাথপুর উপজেলার সেই আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ মিলেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রামের ঘরে ঘরে গিয়ে মিটার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়। দীর্ঘদিন পর বিদ্যুৎ পেয়ে গ্রামবাসী আনন্দিত। পত্রিকায় সংবাদ ছাপা হলে কর্তৃপক্ষের টনক নড়ে।
গুচ্ছগ্রামের বাসিন্দারা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গুচ্ছ গ্রামে ৬০টি পরিবারের বসবাস। তিন বছর ধরে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা ঘনিয়ে এলে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে পুরো এলাকা। ছেলেমেয়ে নিয়ে আতঙ্কে রাত কাটান সেখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গ্রামবাসী বিদ্যুৎ সংযোগের চেষ্টা করলে খুঁটি ও তার টানিয়ে রাখা হয়। মিটার সরবরাহ নেই এমন অজুহাতে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রাখা হয় তাদের।
গুচ্ছ গ্রামের বাসিন্দা কল্পনা রানী সরকার বলেন, বিদ্যুৎ পেয়ে আমরা খুব খুশি। এতদিন অন্ধকারে ছিলাম। এখন আলোর দেখা পেয়ে ভালো লাগছে।
গুচ্ছগ্রামের বাসিন্দা প্রবীণ মুরব্বি জরিপ উল্যাহ জানান, সাংবাদিক ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। পত্রিকায় লেখায় আমরা বিদ্যুৎ পেলাম। এতদিন ঘুরে কোন কাজ হয় নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ বলেন, মিটারের সংকট ছিল তাই গুচ্ছ গ্রামবাসীর বিদ্যুৎ পেতে বিলম্ব হয়েছে। আমি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করায় তারা মিটারের ব্যবস্থা করে সংযোগ দিয়েছে। এখন এখানে বিশুদ্ধ পানির সুব্যবস্থা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




