মৌলভীবাজার জেলার সদর মডেল থানার পূর্ব খলিলপুরের রোমান হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিলেট। শনিবার (১৫ মার্চ) রাতে সাড়ে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শনিবার রাত সাড়ে ৭টায় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাব রোমান হত্যা মামলার পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তারকৃত আসামির নাম জাবেদ মিয়া (৩৫)। তিনি মৌলভীবাজার জেলার সদর মডেল থানার পূর্ব লামুয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রগুলোকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




