ছবি: নিজস্ব
ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিপণিবিতান ছাড়াও মফস্বল হাটবাজারের দোকানগুলোতে ক্রেতাসাধারণের সমাগম বাড়তে শুরু করেছে। মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণিবিতান ও শপিং মলে ভিড় করছেন।
বুধবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, উপজেলার জগন্নাথপুর বাজার, কেশবপুর বাজার, ভবের বাজার, সৈয়দপুর বাজার,শাহারপাড়া বাজার, মিরপুর বাজার, কেউনবাড়ি বাজার এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও। এবার ব্যবসায় গতি ফিরে আসায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা।
উপজেলার বনিক সুপার মার্কের জগন্নাথপুর বাজার ব্যবসায়ী বাবুল টেইলার্স এন্ড থান বিতান পরিচালক বিলাস চন্দ্র গোপ বলেন, এবার ঈদে বেচাকেনা ভালো আছে। আশা করছি রমজানের শেষ মুহূর্তে পুরোদমে বেচাকেনা শুরু হবে।
শপিং করতে আসা গৃহবধূ সৈয়দা গুলশানা বেগম সুমা, শিক্ষার্থী সৈয়দা শাম্মি বেগম জানান, এবার পছন্দের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে। দাম অনেকটা বেশি হলেও পছন্দের শাড়ি ও জামাকাপড় কেনা যাচ্ছে। এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জগন্নাথপুর উপজেলার মধ্য বাজার ব্যবসায়ী মিতা ফ্যাশন মালিক স্বপন গোপ বলেন, ১৫ রোজার পর ভিড় বেড়ে গেছে, বিক্রিও বেড়ে গেছে এবার অনেক ভাল যাচ্ছে ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয় জানান, উপজেলার প্রতিটি মার্কেট ও বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রাখছে। কোনো প্রকার সমস্যা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




