সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষ ঢেলে একটি মৎস্য খামারের কমপক্ষে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৎস্য খামারের মালিক থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা যায়, খাশিলা গ্রামের শাহিন আহমেদের পারিবারিক মালিকানাধীন সমন্বিত মৎস্য খামার রয়েছে। একশ’ বিঘা জমির মধ্য ১০টি পুকুরে খামার এবং ৩ বিঘা জমি নিয়ে ছোট আরেকটি মাছের খামার রয়েছে। এই খামারগুলোতে প্রায় ২০ লাখ টাকার মাছ ছিল। বুধবার ভোররাতে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন খামারে বিষ ঢেলে এ ক্ষতিসাধন করে।
খামারের মালিক শাহিন আহমেদ জানান, পাহারাদার কমলা মিয়া সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। আর এ সুযোগ দুষ্কৃতকারীরা মাছের খামারে বিষ প্রয়োগ করে। পাহারাদার ফিরে এসে ঘটনা দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত একই গ্রামের আক্তার হোসেন, জুনাব আলী, আংগুর মিয়া ওরফে কালা আঙ্গুর ও ডাকাতি মামলার আসামি মিলিক মিয়াসহ কয়েকজনকে তিনি শনাক্ত করেছেন। তাদের অভিযুক্ত করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক দিপঙ্কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




