ছবি: নিজস্ব
কলেজ ছাত্র সাজ্জাদুর রহমান সামির (২০) মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে স্থানীয় পৌর পয়েন্টে ইসহাকপুর গ্রামবাসীর ব্যানারে এতে সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মাহফুজুল করিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ কয়েস, যুবদল নেতা আব্দুল ওয়াহাব, সামির পরিবারের পক্ষে তার মামা সুহেব আহমদ, সমাজসেবক মাওলানা মতিউর রহমান, ফজর আলী, সামির স্কুল শিক্ষক ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক, বিজয় কান্তি দাস, সহপাঠি নাজিম আহমদ, আব্দুস শাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কলেজ ছাত্র সাজ্জাদুর রহমান অত্যন্ত ভালো ছেলে। শুধু ইসহাকপুরের মানুষ নয়, পার্শ্ববর্তী এলাকার লোকজনও তাকে ভালো বলছে। দুর্ভাগ্যজনকভাবে ছোট্ট এই ছেলেটিকে অস্ত্র দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এসময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে ঈদের আগেই তার নিঃশর্ত মুক্তি দাবি জানান বক্তারা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সামির বাড়ির থেকে আইনশৃঙ্খলা বাহিনী আগ্নেয়াস্থ অস্ত্র জব্দ করেছে। এ ঘটনায় সামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জগন্নাথপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করেছে, তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন পাঠানো হবে।
উল্লেখ্য যে, গত ১৭ মার্চ পৌর এলাকার ইসহাকপুরের বাসিন্দা, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি শাহিনুর রহমান শাহিনের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্থ জব্দ করে। এ ঘটনায় শাহিনুর রহমানের ছেলে সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




