ছবি নিজস্ব
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামে ছাতক-দোয়ারাবাজার সড়ক থেকে সুরমা নদী পর্যন্ত রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। সম্প্রতি সরকারি জরিপের মাধ্যমে পরিমাপ করে ২৫ ফুট প্রস্থ বের করা হয়েছে এবং রাস্তা দখল করে বাড়ি নির্মাণ না করার জন্য পঞ্চায়েতের লোকজনের উপস্থিতিতে সীমানা পিলারও স্থাপন করা হয়েছে।
কিন্তু সুরমা নদীর পাড়ে মৃত আব্দুল জব্বারের ছেলে ফয়জুল হক প্রভাব খাটিয়ে সীমানা অতিক্রম করে পিলার থেকে প্রায় ৩ ফুট ভেতরে ঢুকে সরকারি জনচলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তাঁর সঙ্গে গ্রামের লোকজনের বিরোধ দেখা দিয়েছে। গ্রামের লোকজন বাধা দিলেও সেই বাধা উপেক্ষা করে বাড়ি নির্মাণ করায় এলাকায় যেকোনো সময় দাঙ্গার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
এছাড়া অভিযোগ রয়েছে, রাস্তার সোজা নিচে সুরমা নদীর পাড় কেটে মাটি উত্তোলন করছেন ফয়জুল হক। এতে রাস্তাটি ভেঙে সুরমা নদীতে বিলীন হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন স্থানীয় লোকজন।
এ অবস্থায় লক্ষিবাউর গ্রামবাসীর দাবি, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করা হোক। এ বিষয়ে মৃত জমির উদ্দিনের ছেলে তোতা মিয়া বাদী হয়ে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সাদিক মিয়া জানান, সরেজমিনে দেখা গেছে রাস্তা বেদখল হয়ে গেছে। রাস্তাটি উদ্ধার করা জরুরি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ফয়জুল হকের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য নোয়ারাই ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।
জৈন্তা বার্তা/আরআর




