দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালু ও ওয়ার্ড সুবিধা চালুর দাবিতে আবারও সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করেন।
গত এক সপ্তাহ ধরে এই দাবিতে ক্লাস বর্জন করে নানা কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
জানা যায়, রোববার সকাল ১০টা থেকে মেডিক্যাল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কে দুপাশে বাঁশ ফেলে বেরিক্যাড দিয়ে ‘স্বাস্থ্যসংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ স্লোগান লিখে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন এবং নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, সেনাবাহিনী পৌঁছে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালে শিক্ষার্থীরা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তাদের তর্কাতর্কি হলে এক পর্যায়ে সেনাবাহিনী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন তারা।
মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সাইদুল ও পিয়াস জানান, সেনাবাহিনীর লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




