ফাইল ছবি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবশেষে চালু হয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা কার্যক্রম। এখন থেকে মধ্যনগরবাসীকে জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা গ্রহণের জন্য ধর্মপাশা উপজেলায় যেতে হবে না।
বুধবার মধ্যনগরের নাম সংশ্লিষ্ট সার্ভারে যুক্ত হয়েছে। ওই দিন রাতে মধ্যনগর উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, প্রশাসনিক সুযোগ—সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের ২৬ জুলাই মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হয়।
এ উপজেলায় প্রশাসনিক ও দাপ্তরিক সব কার্যক্রম চালু থাকলেও মধ্যনগরবাসীকে জন্ম ও মৃত্যুনিবন্ধন ধর্মপাশার ঠিকানায় করতে হয়েছে। একই সঙ্গে জন্ম ও মৃত্যুনিবন্ধন সংশোধন কার্যক্রম ধর্মপাশা উপজেলা থেকে সম্পন্ন করতে হয়েছে। তাই মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইডি তৈরি ও মধ্যনগর থেকে এ সেবাপ্রাপ্তির দাবি তোলেন স্থানীয়রা।
মধ্যনগরের সীমান্তবর্তী গ্রাম লক্ষীপুরের বাসিন্দা কবি হাজং শ্রী দশরথ চন্দ্র অধিকারী বলেন, মধ্যনগরে জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা কার্যক্রম চালুর মধ্য দিয়ে দীর্ঘ বছরের দুর্ভোগ লাঘব হলো।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, এখন থেকে এলাকাবাসী মধ্যনগর থেকে জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা গ্রহণ করতে পারবেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




