ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান ও ডিএমপির উপপুলিশ কমিশনার (আইএডি) মল্লিক আহসান উদ্দিন সামী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) দপ্তর সম্পাদক হয়েছেন।
শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। এতে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জের কৃতিসন্তান ঢাকা ডিএমপির উপ—পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলের জ্যেষ্ঠ পুত্র মল্লিক আহসান উদ্দিন সামী ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে আলিম ও দালিখ শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। এরপর ২৮ তম বিসিএস—এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা পেশায় একজন চিকিৎসক।
উল্লেখ্য, অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল তিন ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে মল্লিক সাহিদা বেগম লিনা স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা। দ্বিতীয় ছেলে মল্লিক শামসুদ্দিন জামী সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ছেলে মল্লিক ওয়াসি উদ্দিন তামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




