মৌলভীবাজারের মুন্সীবাজার সড়ক মেরামতে ইটের গুড়া
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২১ PM

মৌলভীবাজারের মুন্সীবাজার সড়ক মেরামতে ইটের গুড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১২:০১:৫৬ PM

মৌলভীবাজারের মুন্সীবাজার সড়ক মেরামতে ইটের গুড়া

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করছেন এক ঠিকাদার।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরেজমিন সড়কটি পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া তিনি ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাওলানা হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। 

ওই সড়কটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপ সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ ঠিকাদারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী বলেন, ‘মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী অফিসকে একাধিকবার অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান বজায় রাখতে ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ দেন এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাওলানা হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।’

উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘সড়কটির কাজে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সঙ্গে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।’

জৈন্তাবার্তা / সুলতানা