ছবি:সংগৃহীত
জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন গ্রেফতার, দুই দিনের রিমান্ড মঞ্জুর
সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আলী হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি হাড়িকান্দি এলাকার সাবু মিয়ার ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, উত্তরকুল এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতার আলী হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। পরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহিম সরকার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




