দিরাইয়ে বন্ধের ঘোষণার পরও হলো বাউলগানের আসর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

দিরাইয়ে বন্ধের ঘোষণার পরও হলো বাউলগানের আসর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৮:০৭:৩৩ অপরাহ্ন

দিরাইয়ে বন্ধের ঘোষণার পরও হলো বাউলগানের আসর

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের দিরাইয়ে নারী শিল্পীদের গান পরিবেশন নিয়ে আপত্তি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছিল একটি বাউলগানের আসর। তবে শেষ পর্যন্ত সীমিত পরিসরে সেখানে গান পরিবেশন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে এ আয়োজন করা হয়। হাতিয়া গ্রামের পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামেই প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়ি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মেয়ের জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে ছোট পরিসরে বাউলগানের আয়োজন করেছিলেন শওকত আলী। এতে স্থানীয় দুই নারী শিল্পীর গান পরিবেশনের কথা ছিল। তবে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলে বুধবার স্থানীয় দুই ব্যক্তি দিরাই থানায় আবেদন করেন।

পরে পুলিশ শওকত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি গান হবে না বলে জানান। তবে বৃহস্পতিবার রাতে শেষ পর্যন্ত সীমিত পরিসরে গানের আয়োজন করা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন বলেন, শওকত আলী দেশে এলে নিজের বাড়িতে গানের আসর আয়োজন করেন। তিনি সৌখিন মানুষ। বৃহস্পতিবার দিনের বেলায় তিনি শুনেছিলেন, গান হবে না। পরে রাতে সেখানে কিছু সময় গান হয়েছে বলে জানতে পারেন।

গানের আয়োজন বন্ধের জন্য থানায় আবেদনকারীদের একজন হাতিয়া গ্রামের বাসিন্দা কামরুল হাসান বলেন, নারী শিল্পীদের নিয়ে যেভাবে বিষয়টি প্রচার করা হচ্ছিল, তাঁরা তা চাননি। থানায় আবেদন করার পর আয়োজক ও পুলিশ তাঁদের জানিয়েছিল, গানের আসর হবে না।

কামরুল হাসানের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গান শুরু হলে তাঁরা পুলিশকে বিষয়টি জানান। রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের উপস্থিতি না পেয়ে পরে আর আসার প্রয়োজন নেই বলে জানান তাঁরা। তাঁর দাবি, দিরাই সদর থেকে তাঁদের এলাকায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এলাকাটি দুর্গম। আয়োজকের সঙ্গে কথা বলার পর তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে নানা আলোচনা হওয়ায় গানের আয়োজন করা হবে না। পরে সেখানে কিছু সময় গান হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এর আগে গত ৫ অক্টোবর দিরাই উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও আপত্তির মুখে বাতিল করা হয়েছিল। স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ নামে একটি সংগঠনের বাধার মুখে ম্যাচটি বাতিলের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

সূত্র: প্রথম আলো

জৈন্তা বার্তা/ ওয়াদুদ