ছবি:সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই ই-মেইলে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।
শুক্রবার সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্যান্য কর্মকর্তার কাছে হুমকিমূলক ই-মেইলটি পাঠানো হয়। এতে আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের নির্ধারিত কনসার্টে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।
মেয়রের কার্যালয়েও বোমা হামলার হুমকি
হুমকির ই-মেইলে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানোর কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আগামী ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল।
মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানান, বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল এসেছিল। তবে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। দাদর এলাকার কয়েকটি স্কুলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগেও এসেছিল হুমকির ই-মেইল
এর আগে গত ২০ মার্চ মুম্বাই প্রেসক্লাবেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ওই ই-মেইলে প্রেসক্লাব ভবনে বিষাক্ত গ্যাসভর্তি একাধিক বিস্ফোরক যন্ত্র রাখার দাবি করা হয়। সেগুলো বেলা একটায় বিস্ফোরিত হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
প্রাথমিক তথ্যে জানা যায়, ‘নিরজা আজমল খান’ নাম ব্যবহার করে ই-মেইলটি পাঠানো হয়েছিল। এতে দাবি করা হয়, প্রেসক্লাব ভবনে বিষাক্ত গ্যাসভর্তি ৪২টি যন্ত্র স্থাপন করা হয়েছে। ভবনটি খালি করার আহ্বান জানিয়ে ই-মেইলে বলা হয়, এসব যন্ত্রের উদ্দেশ্য ছিল সম্পত্তির ক্ষতিসাধন।
ওই ই-মেইলে তামিলনাড়ুর রাজনীতি নিয়েও বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল। উদয়নিধি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভোটব্যাংক হিসেবে ব্যবহারের অভিযোগ এবং ডিএমকেকে সমর্থনকারী নেতাদের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) গ্রেপ্তারের দাবি জানানো হয়।
প্রেরকের দাবি ছিল, বিষয়টি প্রকাশ্যে আনার চেষ্টা করতে গিয়ে তামিলনাড়ুর সংবাদমাধ্যমের বাধার মুখে পড়ে তাঁরা অন্য রাজ্যে চলে এসেছিলেন।
সাম্প্রতিক হুমকির ঘটনায় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর তদন্ত চলছে। তবে হুমকিগুলোর সত্যতা এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত শেষে জানা যাবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




