বনের পাশের একটি বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়
বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে বন ছেড়ে লোকালয়ে একটি বাড়িতে চলে আসে গন্ধগোকুলটি। রাতেই এটাকে বনে ছেড়ে দেন বন বিভাগের কর্মীরা।
রাত ৯টার দিকে কমলগঞ্জ পতনঊষার ইউনিয়নের পতনউষার গ্রামের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর ঘরে দৌড়ে ঢুকে পড়ে গন্ধগোকুলটি। পরে বাড়ির লোকজন মাছ ধরার জাল দিয়ে সেটা আটক করে স্থানীয় কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি মনজুর আহমদ আজাদ মান্নাকে অবগত করেন। মান্না বিষয়টি মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান।
খবর পেয়ে মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল রাতে প্রাণীটিকে উদ্ধার করে। রাতেই সে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না জানান, আমাকে শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর জানানোর পর বিষয়টি বন বিভাগকে জানাই এবং শিক্ষককে বলি- আপনারা এটাকে আঘাত করবেন না। বন বিভাগ এসে এটা নিয়ে যাবে।
তিনি বলেন, এর বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনরেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাণীটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিডি




