শান্তিগঞ্জে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ AM

শান্তিগঞ্জে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০২:৩৮:১৩ AM

শান্তিগঞ্জে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক ঐক্য শক্তিশালী করতে ৪০ ঊর্ধ্বদের নিয়ে ব্যতিক্রমী বয়স্ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বীরগাঁও দক্ষিণপাড়া বনাম বীরগাঁও খালপাড়ের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বীরগাঁও খালপাড়। খেলা পরিচালনা করেন বর্তমান ইউপি সদস্য আব্দুল বাছিত। 

জমজমাট ফাইনালের পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের নুরজালাল করিম, মিজানুর রহমান, সহিবুর রহমান, আব্দুল গৌছ, সারকুল ইসলাম, মস্তাকিন মিয়া, আব্দুল কুদ্দুস, তইবুল হক, আব্দুল বাসিত পইন, রাহেল আহমদ, আব্দুল বাসিত, আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন প্রমুখ। 

গ্রামের মানুষকে মেলবন্ধনে আবদ্ধ ও বয়স্কদের আবারও পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে এমন সুন্দর আয়োজনের জন্য আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বীরগাঁও গ্রামবাসী। তাদের আশা, প্রতিবছর এমন আয়োজন করবেন আয়োজকরা। 

আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবি আজমল আহমদ বলেন, সামাজিক ঐক্যবদ্ধতা ও একে অপরের সাথে বন্ধন শক্তিশালী করতেই আমাদের এই আয়োজন। বয়স্কদের খেলা হলেও খেলা দেখতে মাঠে এসেছিলেন সকল বয়সের মানুষ। সবার মাঝে একটা উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। সবার উপস্থিতিতে ফুটবল খেলাটি মিলনমেলায় পরিণত হয়। প্রতিবছর এ ধরনের আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।

এর আগে গত ১৬ মে ৮টি দল নিয়ে এই বয়স্ক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। 

জৈন্তা বার্তা/আরআর