ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাড়ীর সীমানা দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কবির আহমদ কছুর(৭০) নামে এক প্রবীণ বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ কবির আহমদ কছুর(৭০) ওই গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শেখ কবির আহমদ কছুরের সঙ্গে প্রতিবেশী মনোয়ার আলীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের লোকজনের ইটের আঘাতে শেখ কবির আহমেদ কছুর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'
জৈন্তাবার্তা / মনোয়ার




