ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা উপধারার সংশোধন ও সুনামগঞ্জের পরিবহন শ্রমিক নেতা দিলোয়ারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারী দিয়েছে পরিবহণ শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তরা জানান, শ্রমিকরা সড়ক পথে ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেন। বিগত সময়গুলোতে শ্রমিকের জন্য যতো আইন করা হয়েছে, তা শ্রমিকদের কল্যাণে আসেনি। ২০১৮ সালে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা উপধারায় পরিবহণ শ্রমিকদের কল্যাণে সাংঘর্ষিক হওয়ায় এই ধারাগুলোর সংশোধনের দাবি করেন সংশ্লিষ্টরা।
সড়ক দুর্ঘটনা মামলায় কারাগারে থাকা জেলা সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস শাখার সদস্য দিলোয়ারের মুক্তির দাবি জানান পরিবহন শ্রমিকরা। শ্রমিক নেতা ছাড়া না পেলে আগামী ১৪ জুলাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিহন শ্রমিক নেতা সুজাউর কবির, নুরুর হক, আব্দুল মতিন ও বুরহান উদ্দিন।
উল্লেখ্য, গত মাচ মাসে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দাগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই নিহত হন। এই মামলায় গত ৪ মাস যাবত জেল হাজতে রয়েছেন অভিযুক্ত চালক দিলোয়ার হোসেন। আগামী ১৪ জুলাই সুনামগঞ্জ আদালতে জামিন শুনানীর তারিখ রয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




