ছবি: নিজস্ব
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ উল আলমের বিরুদ্ধে বিগত স্বৈরাচারী সরকার কর্তৃক আরোপিত দমন ও নিপীড়নমূলক অভিযোগ প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহিত ‘অন্যায্য’ সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহ ফারাবী, রাশেদুল হক জিসান, আসাদুর রহমান, ফয়েজ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ড. আরশাদ উল আলম একজন গুণী, জনপ্রিয়, শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তিনি একজন খ্যাতনামা বিজ্ঞান গবেষক। বিগত স্বৈরাচারী সরকারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জে বদলি করা হয়। একই সাথে বেতনও কমানো হয়।
শিক্ষার্থীরা বলেন, উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের তদবিরের মাধ্যমে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ‘অন্যায্য ও অসম্মানজনক’।
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে ড. আরশাদ উল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার, গৃহীত 'অন্যায় ও অসম্মানজনক' সিদ্ধান্ত বাতিল এবং তাঁর পদোন্নতিসহ যাবতীয় সুযোগ-সুবিধা বহাল করার জোর দাবি জানান।
এ সময় শিক্ষার্থী সাইফ আহমদ, আরমান আহমেদ রুহান, মাহবুবা সাদিয়া, আখি মজুমদার, তানভীর মাহমুদ, নাবিল আহমদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




