ছবি নিজস্ব
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ডে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম-সম্পাদক এবং ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে সংসদে আইন করে জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ করে অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে শ্রেণি কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জ পৌর এলাকার কিছু জনবিচ্ছিন্ন মানুষ পরিবেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করার অপচেষ্টা করছে। বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। যারা পরিবেশের দোহাই দেয়, তারাই বালু-পাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছে।
বক্তারা আরও বলেন, যদি তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয়, তবে সুনামগঞ্জ জেলার ২২ লক্ষ মানুষ তাদের ক্ষমা করবে না। এ সময় দাবি মানা না হলে সুনামগঞ্জের ১২টি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে ছাতক ও শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




