সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী ২২, ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি পরবর্তীতে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টম্বর রাতে সদর উপজেলার মদনপুর এলাকার দিরাই রাস্তা থেকে নিখোঁজ হন জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ। নিখোঁজের তিনদিন পর ৫ সেপ্টম্বর দিরাই উপজেলার শরীফপুর পুরাতন সুরমা নদী থেকে ওই জমিয়ত নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি তালহা গ্রুপের অনুসারী আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে হাফিজকে তিনদিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও হত্যার বিষয়ে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি।
সংবাদ সম্মেলনে জমিয়ত নেতারা আশঙ্কা করেন, রহস্যজনক কারণে পুলিশ হত্যার বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ, কল লিস্ট ও সাক্ষীদের দেয়া বিভিন্ন তথ্য থাকলেও রহস্য উদঘাটন না হওয়ায় তদন্তকারী কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাই মুশতাক হত্যা মামলাটি পিবিআই ও সিআইডির মাধ্যমে তদন্তের দাবি জানান নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর, শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম, জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




