সুনামগঞ্জের ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ অক্টোবর) ভোরে তিনি মারা গেছেন।
সদা হাস্যোজ্জ্বল ও সহজ-সরল স্বভাবের এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৫। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা। সোমবার বেলা ২টায় ছড়ারপার বালুর মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠ আলী ইনসান ছিলেন ছাতক ও সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া” গানটি সুনামগঞ্জসহ সারাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। এছাড়া “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে” এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী তিনি।
ছাতকের সংগীতাঙ্গন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আলী ইনসানের মৃত্যু শুধু ছাতকের নয়, পুরো সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি।
লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই গান গাইতেন আলী ইনসান। তাঁর কণ্ঠে হাওর, নদী, ধানক্ষেত, প্রেম-বিরহ ও মানুষের জীবনের গল্প জীবন্ত হয়ে উঠত। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ নেমে আসে। ভক্তরা লিখেছেন— লোকসংগীত হারালো তার প্রকৃত ধারককে। অনেকে লিখেছেন- আলী ইনসান বেঁচে থাকবেন তাঁর গানের মধ্যেই।
ছাতকের মানুষ বলছেন, আলী ইনসান শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের প্রাণ। তাঁর গান, হাসি ও সরল জীবন আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




