ছবি: জৈন্তা বার্তা
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী জননেতা আলহাজ মোহাম্মদ নূরুল হকের সমর্থনে সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ নির্বাচনী শোডাউন ও পথসভা।
দিনভর চলা এ শক্তিপ্রদর্শনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে উলামা-মাশায়েখ, ব্যবসায়ী, তরুণ ও শিক্ষার্থীদের ঢল নামে। এতে দুই উপজেলার প্রধান সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। পুরো এলাকা মুখর ছিল ‘খেজুর গাছ’ প্রতীকের স্লোগানে।
সকালে জাউয়া বাজার থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোডাউনটি গোবিন্দগঞ্জ পয়েন্ট ও ছাতক ট্রাফিক পয়েন্টে পথসভা শেষে দোয়ারাবাজার উপজেলা সদরে এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ছাতক ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ মাওলানা আজিজুর রহমান, পরিচালনা করেন উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক এইচ. এম. জিয়াউর রহমান।
এসময় বক্তব্য রাখেন-উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়তের নেতা মাওলানা লুৎফর রহমান বিননূরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌস উদ্দিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল প্রমুখ।
দোয়ারাবাজার উপজেলা সদরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, পরিচালনা করেন উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল গফ্ফার রায়হান। স্বাগত বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নূরুল হক বলেন,‘জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি রাজপথে নেমেছি। আমরা রাজনীতি করি আল্লাহভীতির ভিত্তিতে-ক্ষমতার লালসায় নয়। ইসলাম, দেশ ও মানুষের সেবার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন,‘ছাতক-দোয়ারাবাজারের মানুষ পরিবর্তন চায়। অন্যায়ের রাজনীতি নয়, সৎ ও আদর্শ নেতৃত্বের রাজনীতি চায়। সেই পরিবর্তনের পথে জমিয়তই হবে মূল শক্তি।’
শোডাউন উপলক্ষে জাউয়া থেকে দোয়ারাবাজার পর্যন্ত বিশাল মোটরসাইকেল বহর অংশ নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নূরুল হকের এই শক্তিশালী শোডাউন সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করেছে-যা জমিয়তের সাংগঠনিক সক্ষমতা ও জনগণের আস্থার স্পষ্ট প্রতিফলন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




