প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতকে মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার ও মনিরগাতি-কুম্বায়ন গ্রামের মানুষের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেড় ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের আহতদের মধ্যে কয়েকজনকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন— দড়ারপার গ্রামের আবু বক্কর (৩৫), লোকমান মিয়া (৪৫), ফয়সাল আহমেদ (২৫), লাহিন মিয়া (২২), সাকলাইন মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৫০) এবং মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া (২০), জামাল হোসেন (৪০) ও সফর আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া একাধিকবার দেশীয় মুরগি চুরির অভিযোগে অভিযুক্ত হন। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মুরগি চুরি হলে তিনি নাহিদের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে যান। এ সময় নাহিদের স্বজনরা তাকে আটকে রাখেন।
খবর পেয়ে আবু বক্করের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরে পাকা সেতুর উপরও সংঘর্ষ অব্যাহত থাকে।
খবর পেয়ে ছাতক থানার পুলিশ, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




