ছবি:সংগৃহীত
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এবারের নির্বাচনে তার প্রচারের অন্যতম লক্ষ্য হলো আওয়ামী লীগ সমর্থকদের আশ্বস্ত করা যে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘আপনারা এক সেকেন্ডও ভাববেন না যে জামায়াত ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। শেখ হাসিনার আমলেও এত খারাপ দিন দেখা যায়নি।’
বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য সম্প্রতি তাদের চট্টগ্রামের এক নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রকাশ পেয়েছে। তার বক্তব্যেই দলের ভেতরের প্রকৃত মনোভাব বেরিয়ে এসেছে।
তিনি উল্লেখ করেন, ‘তিন দিন পর তাকে শোকজ করা হয়েছে-এটা লোক দেখানো ছাড়া কিছু নয়। তিনি সিনিয়র নেতা, এমপি প্রার্থী। ভুল করলে পরদিনই ব্যবস্থা নেওয়ার কথা।’
তিনি আরও বলেন, সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কোনো নেতাও এত দায়িত্বহীন মন্তব্য করেননি। ‘তারা আমাদের মামলা দিয়েছে, গুম-খুন করেছে, তাড়িয়েছে-কিন্তু এমন মন্তব্য করেনি কখনও।’ নাসের রহমান অভিযোগ করেন যে শাহজাহান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত।
বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ সমর্থকরা ঝুঁকিতে পড়বে-এমন ধারণা ভাঙতে চান বলে জানান তিনি। নাসের রহমান বলেন, ‘ক্ষমতা ছাড়ার আগে ওবায়দুল কাদের বলেছিলেন পাঁচ লাখ আওয়ামী লীগ কর্মী মারা যাবে। বাস্তবে একজনও মারা যায়নি; কেউ পালিয়েও যায়নি। ক্ষমতার পরিবর্তন হলেও আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার দায়িত্ব বিএনপিই নেবে।’
সভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ এবং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ।
উঠান বৈঠকটি একপর্যায়ে জনসমাবেশে পরিণত হয়। এতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




