ছবি:সংগৃহীত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবে। বিএনপি জনগণের দল, আর এ দলের শক্তি জনগণের ভালোবাসা।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে জনগণের ব্যাপক সাড়া মিলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের জনপ্রিয়তা যাচাই করেই তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তিনি দলের জন্য নতুন নন উল্লেখ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তাঁর দরজা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। যেকোনো সমস্যা নিয়ে মানুষ সরাসরি তাঁর কাছে আসতে পারবেন।
রোববার রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকতুল ইসলাম শকু আরও বলেন, নির্বাচনে জয়লাভ করলে তিনি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এবারের নির্বাচন সহজ নয়। নেতাকর্মীদের মাঠে সক্রিয় থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দলের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে। মানুষকে জানাতে হবে-বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডসহ জনগুরুত্বপূর্ণ সব অধিকার নিশ্চিত করা হবে।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে-এমন আত্মতুষ্টিতে ঘরে বসে থাকলে চলবে না। কারণ, নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে, যা কখনোই হতে দেওয়া যাবে না।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ উর রহমান মোরাদ ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকদ্দছ আলী মাস্টার, বিএনপি নেতা বাতেন চৌধুরী, আব্বাস আলী এবং কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক।
এ সময় পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




