বড়লেখায় ১২ দিনের ব্যবধানে মাদ্রাসায় ফের অগ্নি*কা*ণ্ড
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৭ AM

আত*ঙ্কিত মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা

বড়লেখায় ১২ দিনের ব্যবধানে মাদ্রাসায় ফের অগ্নি*কা*ণ্ড

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৮:২৬:০০ PM

বড়লেখায় ১২ দিনের ব্যবধানে মাদ্রাসায় ফের অগ্নি*কা*ণ্ড

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় ১২ দিনের ব্যবধানে আবারও একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাজিটেকা এলাকায় অবস্থিত লতিফিয়া গুলবাগে কোরআন মাদ্রাসায় সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে বোর্ডিংয়ের শয়নকক্ষে এ আগুন লাগে।

বোর্ডিংয়ে থাকা শিক্ষার্থীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে শিক্ষার্থীদের বিছানা, কাপড়চোপড়, নগদ টাকা, ফ্যান, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এর আগে গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে একই মাদ্রাসার হিফজ শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাত্র ১২ দিনের ব্যবধানে দ্বিতীয়বার আগুন লাগায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসার মুহতামিম হাফিজ গুলজার আহমদ বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম অগ্নিকাণ্ডের পর মাদ্রাসা কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তবে তদন্ত শেষে আগুন লাগার মূল কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ও এলাকার মুরব্বিদের সঙ্গে বৈঠকের প্রস্তুতির মধ্যেই আবারও বোর্ডিংয়ের শয়নকক্ষে আগুন লাগার ঘটনা ঘটে।

মাদ্রাসার মুহতামিম হাফিজ গুলজার আহমদ বলেন, ‘১২ দিনের ব্যবধানে দুইবার আগুন লাগার ঘটনায় আমরা অত্যন্ত আতঙ্কিত। যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো কয়েল বা বৈদ্যুতিক সংযোগ ছিল না। বোর্ডিংয়ের শিক্ষার্থীরা ফজরের নামাজ শেষে সকালের নাশতার প্রস্তুতির জন্য রান্নাঘরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আগুন লাগে। এ সময় কক্ষের দরজা খোলা ছিল। আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য আমরা পুলিশের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘মাদ্রাসায় অগ্নিকাণ্ডের অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তা এসআই নিউটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: