বড়লেখায় হাওরপাড়ে রাস্তা নির্মাণ এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপক সম্ভাবনা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ PM

বড়লেখায় হাওরপাড়ে রাস্তা নির্মাণ এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপক সম্ভাবনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৭:৩৩:১৫ PM

বড়লেখায় হাওরপাড়ে রাস্তা নির্মাণ এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপক সম্ভাবনা

ছবি:সংগৃহীত


বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলা জুড়ে বিস্তৃত। তবে এর বেশিরভাগ অংশ বড়লেখা ও কুলাউড়া উপজেলা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত। বৃহত্তম এই হাওরপারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের কাজিরবন্দ এলাকায় দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব একটি সংযোগ সড়ক (আরসিসি) ঢালাইয়ের নির্মাণকাজ চলছে।

এতে অবহেলিত জনগোষ্ঠী অধ্যুষিত নিম্নাঞ্চলের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক জীবনমানের ব্যাপক উন্নয়নের সম্ভাবনা দেখছেন এলাকাবাসী। এক হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটির নির্মাণকাজ শুরু হয় গত ২১ অক্টোবর। আগামী বছরের ২০ জানুয়ারির মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে সড়কটির প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গুণগতমানসম্পন্ন নির্মাণকাজে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় উপজেলার বর্ণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আব্দুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র পর্যন্ত এক হাজার মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বর্ণী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এতে ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আরসিসি সড়কটির নির্মাণকাজে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।

সরেজমিনে দেখা যায়, নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা সহযোগী সংস্থা সিএনআরএসের সাইট ইঞ্জিনিয়ারসহ মাঠপর্যায়ের প্রতিনিধিরা ঠিকাদারের লোকজনের কাজ তদারকি করছেন।

স্থানীয় কাজিরবন্দ গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান, জায়েদ আহমদ, আব্দুল করিম, লুলু মিয়া, ফয়েজ উদ্দিন, ফারুক উদ্দিন ও সোনা উদ্দিন প্রমুখ জানান, এই সড়কটি বড়লেখা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের সংযোগ সড়ক। এছাড়া এটি হাকালুকি হাওরের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। হাওরপাড়ের এই সড়কটি বছরে পাঁচ থেকে ছয় মাস বন্যার পানিতে নিমজ্জিত থাকে। যুগ যুগ ধরে মানুষ কর্দমাক্ত সড়কে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। সরকারি বরাদ্দে মাঝে মধ্যে মাটির কাজ করা হলেও পরবর্তী বন্যায় তা ভেসে যায়।

সড়কের কারণে এলাকার ছেলে-মেয়েরা বছরের প্রায় অর্ধেক সময় স্কুল ও মাদ্রাসায় যেতে পারে না, ফলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। নিম্নাঞ্চলের মানুষ কৃষি, শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে দিন দিন পিছিয়ে পড়ছে। এমন অবস্থায় সড়কটি পাকাকরণ হলে এলাকাবাসী বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে।

ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের পাশাপাশি এলাকাবাসীর আর্থসামাজিক অবস্থারও ব্যাপক উন্নয়ন ঘটবে। সড়কটি বেশ উঁচু করে নির্মাণ করা হচ্ছে, ফলে সাধারণ বন্যায় এটি তলিয়ে যাওয়ার আশঙ্কা কম থাকবে। কাজের মানও ভালো। হাকালুকি হাওরপাড়ে আরও অনেক এলাকা রয়েছে, যেখানে সড়ক না থাকায় বাসিন্দারা যুগ যুগ ধরে অবহেলিত। এ ধরনের আরও কিছু সড়ক নির্মাণ করা গেলে হতদরিদ্র এলাকাবাসী উপকৃত হবেন।

সড়কটির বাস্তবায়ন সহযোগী সংস্থা সিএনআরএসের উপজেলা কো-অর্ডিনেটর খোরশেদ আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বাস্তবায়িত ঝুঁকি হ্রাস বা প্রশমন স্কিমের আওতায় নির্মিত এই সড়কের কাজ তদারকিতে উপজেলা সুপারভিশন কমিটি, বিশ্ব খাদ্য কর্মসূচি, সিএনআরএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় কমিউনিটি নিয়মিতভাবে কাজ করছে, যাতে গুণগতমান বজায় থাকে।

বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, হাকালুকি হাওরপাড়ের এই অবহেলিত এলাকায় কাজটি বাস্তবায়িত হলে এলাকার চিত্রই পাল্টে যাবে। বন্যার সময় মানুষ সহজে বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে পারবেন। দুইটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। হাওরের ফসল পরিবহন ও গবাদিপশুর চলাচলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়ক। বিশেষ করে এই এলাকার পাঁচ থেকে ছয় হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামে ও হামের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ