কুলাউড়ায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২১ AM

কুলাউড়ায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১২:৩০:৪৫ PM

কুলাউড়ায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১০৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

উপজেলার সদর ইউনিয়নের করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসা, একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ধৈর্য সহকারে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করেন।

রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু মাসুদ জানান, সকাল ৯টা পর্যন্ত মোট ৪ হাজার ৩৯৩ ভোটারের মধ্যে প্রায় ২০০টি ভোট কাস্টিং হয়েছে। কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার পলি আক্তার, কুলছুমা আক্তার, সাবিনা আক্তার ও তাইয়্যিবা বেগমসহ অনেকে বলেন, ‘সকালে ভোট দিলে স্বস্তিতে দেওয়া যায়। দেরিতে ভোট দিতে এলে লাইনে দাঁড়াতে হয় এবং রোদে কষ্ট হয়। তাই পরিবারের সদস্যদের নিয়ে সকালেই ভোট দিতে এসেছি।’

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রীতম শিকদার জয় বলেন, সকাল ১০টা পর্যন্ত মোট ৩ হাজার ৮৮৭ ভোটারের মধ্যে প্রায় ৩০০টি ভোট কাস্টিং হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং নারী ভোটারের উপস্থিতি বেশি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, উপজেলার সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে সেনাবাহিনীর ৩ প্লাটুন, বিজিবির ৪ প্লাটুন, পুলিশের ১৪টি মোবাইল টিম, পুলিশের ২টি স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের ১টি টিম, আনসার ব্যাটালিয়নের ২টি টিম। পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, কুলাউড়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া)।

এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ১০৩টি।

জৈন্তা বার্তা/আরআর