মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম বিজয়ী
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ PM

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম বিজয়ী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১১:৫৭:১৮ PM

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম বিজয়ী

ছবি:সংগৃহীত



মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বেসরকারীভাবে ভোটের ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।  নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী এম সায়েদ আলী।  বেসরকারিভাবে বিএনপির উপজেলার শীর্ষ নেতা ও কেন্দ্রের এজেন্টদের প্রাপ্ত তথ্যমতে উপজেলার ১০৩ ভোট কেন্দ্রের  ফলাফলে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু পোস্টালসহ মোট ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়েছের। এর মধ্যে পোস্টাল ভোট সংখ্যা হলো ৫ হাজার ৪৬৫ টি।
উল্লেখ্য, কুলাউড়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। প্রতিদ্বন্ধিতায় ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক। এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। তন্মধ্যে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজার ৯২ জন নারী ও ১ লক্ষ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ১০৩।
জামায়াত মনোনীত প্রার্থী এম সায়েদ আলী পোস্টাল ভোটসহ মোট ৫৩ হাজার ৯৭ ভোট পেয়েছেন। এরমধ্যে পোস্টাল ভোট সংখ্যা হলো ৪ হাজার ৩৫২টি। মোট ২১ হাজার ৫৩৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাব জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু। 

এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শওকতুল ইসলাম শকু বলেন, কার ভোট পেলাম না পেলাম সেটা বড় বিষয় নয়। দল, মত, নির্বিশেষে কুলাউড়ার এমপি হয়ে কুলাউড়ার জনগণের জন্য কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, কুলাউড়ার সবক'টি চা-বাগানের শ্রমিকসহ সকল ভোটারদের ঋণ শোধ করবার নয়। এবারের নির্বাচনে চা শ্রমিক ভাইবোনেরা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন।  

জৈন্তা বার্তা/ ওয়াদুদ